ওসির চেয়ারে বসে টেবিলে পা তোলা 'এআই ছবি' ভাইরাল, স্কুলছাত্র গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এআই দিয়ে ছবি তৈরি করে পুলিশের ভাবমূর্তি ক্ষণ্ন করার অভিযোগে পারভেজ (১৫) নামের এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পারভেজ জেলার নাচোল উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মহিপুর এসএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এআই ব্যবহার করে নাচোল থানার ওসির কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুইপাশে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে মিনতি করছেন।
এই ছবিটি গতকাল সোমবার (১৩ জুলাই) ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। এরপর থেকেই সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন— সুশৃঙ্খল পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এআই দ্বারা এ ধরনের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ছবিটি ˆতরিকারী পারভেজকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ জুলাই ২০২৬

