মৃত শ্রমিকের পরিবার ও সন্তানদের বিয়েতে সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন



চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এবং তাদের সন্তানদের বিয়ের জন্য ১৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন— বাস মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম,  ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমা ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ১১জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও ২৪ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৫ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়।
শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ জুলাই ২০২৬