নাচোলে ভটভটি উল্টে চালক নিহত



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে আনজারুল ইসলাম (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পচাকান্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনজারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া গ্রামের মো. আবুর ছেলে।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, দুপুরে মুদি দোকানের মালামাল নাচোল এলাকায় ডেলিভারি দিয়ে ভটভটি নিয়ে সদরে ফিরছিলেন আনজারুল। পথে পচাকান্দর এলাকায় পৌঁছালে বৃষ্টির মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আনজারুল। তবে গাড়িতে থাকা ডেলিভারি ম্যান আহত হয়। 
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ জুন ২০২৬