চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা মারা যান। এদের মধ্যে দুইজন আম কুড়ানোর সময় ও আরেক জন ধানখেত থেকে বাড়ি ফিরার পথে মারা যান।
এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ও পাঁকা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। 
মারা যাওয়া হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানুয়ারা বেগম (৪৫), শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৪০)। 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে  আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হোন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। একই সময় আমকুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আনারুল ইসলাম।

অন্যদিকে পাঁকা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল মালেক মাঠে ধান তুলে যান। ধান তুলে (জড়ো) করে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম বলেন-মারা যাওয়া আনারুল ইসলাম ও মানুয়ার পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা দাফনকাফনের খরচ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। 
অপরদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, আব্দুল মালেকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ মে ২০২৬