চাঁপাইনবাবগঞ্জে ৭৪ জনের স্যাম্পল পরীক্ষায় ৩৮ জনের হাম পজেটিভ



চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৭৪ জনের স্যাম্পল পরীক্ষায় ৩৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন ও জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মসিউর রহমান।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩২০ জন ভর্তি হয়েছেন।আর চলতি মাসে আরও ১৭জন ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২জন, ফেব্রুয়ারিতে ৫ জন  মার্চতে ৩১৩ জন ও এপ্রিল মাসে ১৭ জন। মোট ৩৩৭ জন ভর্তি হয়েছেন।এদের মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 
বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন শিশু, যাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।

রোগীর স্বজনরা জানান, হাসপাতালে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালে হাম পরীক্ষার ব্যবস্থা না থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। এরফলে রিপোর্ট আসতে প্রচুর সময় লাগছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান জানান, হাম শনাক্ত করার ব্যবস্থা জেলা পর্যায়ে নেই। নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীতে পাঠাতে হয়। আমরা এখানকার রোগীদের স্যাম্পল সংগ্রহ করে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিদের কাছে দিচ্ছি। তারা মহাখালি নিয়ে যাচ্ছেন। গত দুই দিন আগে হাসপাতালের ৩৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এতে ১৫ জনের হামের পজেটিভ শনাক্ত হয়েছে। 
তিনি আরও জানান, পরীক্ষা রিপোর্ট পেতে  ১০ থেকে ১৫ দিন সময় লাগে। তবে এতে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে না।  আমরা তাদের স্বাভাবিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭৪টি রোগীর স্যাম্পুল পাঠানো হয়েছিল ঢাকায়। তাদের মধ্যে ৩৮ জনের হামের পজেটিভ শনাক্ত হয়েছে। তবে নতুন করে আরও বেশ কিছু 
রোগীর স্যাম্পুল ঢাকায় পাঠানো হবে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ এপ্রিল ২০২৬