পায়ুপথে স্বর্ণ পাচারের সময় যুবক আটক



পায়ুপথে ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ভারতে পাচারকালে সানি মাই (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) এ ঘটনা ঘটে।
আটক সানি মাই ময়মনসিংহের বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার বিস্তারিত জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় সানি মাইয়ের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ধাতব পদার্থের সংকেত পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে পায়ুপথের ভেতরে দুটি স্বর্ণের বার থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। বার দুটি উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিদের যে কোনো অপকৌশল প্রতিরোধে বিজিবি সজাগ রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ মার্চ ২০২৬