সীমান্তে ২টি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২টি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের একটি আম বাগান  থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১ টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

বিজিবি অধিনায়ক বলেন, আজমতপুর  সীমান্তের ১৮২/৩ এস পিলার থেকে ৪০০ গজ দূরের বাংলাদেশের উনিশবিঘী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় একটি আম বাগান থেকে দুটি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ করে। 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে। তবে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত ৩ বছরে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ৩৩ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় ১৫ জনকে।

গত ২ মাস ধরে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, অস্ত্র ও গোলাবারুদের চোরাচালানরোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ জানুয়ারি ২০২৬