চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ২ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটক হয়ে মারা যাওয়া রবিউলের মরদেহ ফেরতের একদিন পর ভারতে আবারও দুইজন বাংলাদেশি আটকের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী এই দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ।
এ সময় সাতটি গরুও আটক করে ভারতীয় পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মো. মমিন আলী (২৫)। তাদের সঙ্গে আরও দুজন ছিলেন। অন্য দুজন হলেন মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু। তাদের একজন ভারতের ভেতরে আত্মগোপনে আছেন এবং অপরজন ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন বলে জানা গেছে।
জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নারায়ণপুর জহুরপুর টেক সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে চারজন রাখাল। গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন তারা। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। অপর দিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছে এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছে ও বলেও শুনেছি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জানুয়ারি ২৬

