সীমান্তে ধরে আনা ২ ভারতীয় জেলেকে ফেরত দিল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে ধরে আনা দুই ভারতীয় জেলেকে ফেরত দিয়েছে বিজিবি।বুধবার বিকেলে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়।
নওগাঁ ব্যাটালিয়ানের (১৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফেরত দেয়া দুই ভারতীয় নাগরিক হলেন- মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। এ সময় তাদের ধরে আনে বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে বিজিবি।
অধিনায়ক আরও বলেন,
ভারতীয় দু' জেলেকে ফেরত চেয়ে বিএসএফ বিজিবিকে অনুরোধ জানান। পরে বিকেল ৫টায় দিকে চাড়ালডাংগা বিওপি কমান্ডার এবং ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনি প্রক্রিয়া শেষে আটক ভারতীয় নাগরিকদের বিএসএফ প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জানুয়ারি ২০২৬

