৪ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৬টি ভারতীয় গরু জব্দ



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪টি সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। 
শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, বিশেষ টহলদল ৪টি সীমান্তে আলাদা ৪টি অভিযান পরিচালনা করে। এ সময় মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম থেকে ৬টি, ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি, চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি ও নারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।  

জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ২৬ লক্ষ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ জানুয়ারি ২০২৬