ভোলাহাট সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ-ইন করেছে বিএসএফ



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯  জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  
বুধবার ভোর ৫ দিকে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওই ১৯ জনকে ঠেলে পাঠান। পরে বিজিবির টহলদল তাদেরকে আটক করে। এর মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। 
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), রাজশাহীর চরআষাড়িয়াদহ গ্রামের সালাম শেখের ছেলে আসাদুল ইসলাম (৩৩), রাজশাহীর শ্রীরামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), রাজশাহীর মালকামলা এলাকার বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮),
 যশোরের আড়সিংরী পুকুরিয়া গ্রামের রওশেদ আলী মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ীর চরখি কমলা এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৩৭), মাগুরার 
নতুন গ্রামের মৃত শিবু দাস সিকদারের ছেলে সয়ন সিকদার (২২), কুড়িগ্রামের কালিরহাট হাজিপাড়ার মৃত হোসেন আলী ছেলে আব্দুল মোতালেব (৪৭), একই গ্রামের আঃ মোতালেবের ছেলে মেহেদুল ইসলাম (২৩), শামছ উদ্দীন ইউসুফ হকের ছেলে মোকছেদুল হক (৩০), মুননাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭),আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫),মোকছেদুল হকের তিন বছরের ছেলে রমজান হক, খুলনার ঘোপখালী এলাকার গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস, ঢাকার নবীনগর এলাকার বাবুল হোসেনের মেয়ে সুমি (২৫), একই এলাকার সুজনের দুই মাসের ছেলে আব্দুল্লাহ্, নড়াইলের কতুয়ালী গ্রামের দোলা মিয়ার মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার গড়পয়ারী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে শাপলা আক্তার(২১) একই গ্রামের মারুফ হোসেনের মেয়ে রুহি আক্তার(২)।
মহানন্দা ব্যাটালিয়ানের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করেন।  কাঞ্চান্টার বিএসএফ তাদের চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। পরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে। 
আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান অধিনায়ক। 
এর আগে চলতি বছরের ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন, ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন এবং ১৪ আগস্ট চামুচা সীমান্ত দিশে ১৩ জনকে পুশইন করে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ সেপ্টেম্বর ২০২৫