গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মিশন মোড় মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত সাইফুল উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘরিয়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। এঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম জানা যায়নি। 
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে রহনপুর আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ সেপ্টেম্বর ২০২৫