১২ ঘন্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আমনুরা জংশনে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৫ টি বিটিও (ওয়াগন) উদ্ধার শেষ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর- রাজশাহী রুটে ১২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে ভোর ৫টা ৩৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, গত রোববার (১৭ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন ২৮টি ওয়াগন নিয়ে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে যাচ্ছিল। ট্রেনটি আমনুরা রেলওয়ে স্টেশনে ঢুকার সময় ৫ টি বিটিও (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে আমনুরা রহনপুর রুটের মেইন লাইন ব্লক হয়ে যায়। এরফলে যাত্রীবাহী রাজশাহীগামী কমিউটার ট্রেন ও ঈশ্বর্দীগামী পুনর্ভবা ট্রেন আটকা পড়েন। রাতে লাইনচ্যুতির প্রায় ৫ ঘণ্টা পর ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হলে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কি কারনে এই দুর্ঘটনা হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ আগষ্ট ২০২৫

