শিবগঞ্জে আম বাগান থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান থেকে মাসুদ আলী (৩৮) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শিবগঞ্জে পিঠালিতলা এলাকার একটি আম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া মাসুদ আলী শিবগঞ্জ উপজেলার চণ্ডিপুর ঘোষপাড়া গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, শিবগঞ্জে পিঠালিতলা এলাকার একটি আম বাগানে অচেতন অবস্থায় পড়ে ছিলেন মাসুদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
 এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ মার্চ ২০২৬