চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন



চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মাহিদুর রহমান (৪২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন  আদালত। 
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাহিদুর জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠাপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। 
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর মুন্নাপাড়ায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ২৫০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাহিদুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিন র‌্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুয়েল ইসলাম তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট মাহিদুর ও রিপনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় মাহিদুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে রিপনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ মার্চ ২০২৬