পদ্মার তীরে নূরুল ইসলাম বুলবুলের ইশতেহার ঘোষণা



চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি উন্নত বাসযোগ্য জেলা গড়তে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকায় পদ্মা নদীর পাড়ে ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার ইশতেহার ঘোষণা করেন নূরুল ইসলাম বুলবুল।
ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি সরকার গঠন করতে পারি তাহলে দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।
এছাড়াও তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন।
ইশতেহারে সর্বমোট ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ জানুয়ারি ২০২৬