সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ চোরাকারবারি গ্রেপ্তার



চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ জন বাংলাদেশী চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে ভোলাহাট উপজেলার জেকে-পোলাডাংগা সীমান্তে তাদের গ্রেপ্তার করা হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭), ওই গ্রামেরই সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ  কর্মকার (২৩) এবং শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার ভোরে জেকে পোলাডাংগা সীমান্ত পিলার ২০১/৫৯-এস এলাকা দিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ৩জন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় অবৈধ অনুপ্রবেশের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ভারতীয়  ৭০ রূপী জব্দ করা হয়। 

অধিনায়ক আরও বলেন,  আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ সেপ্টেম্বর ২০২৫