চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকে থেকে ৭০৮ পিস ট্রাকের যন্ত্রাংশ (পার্টস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুরের কলেজের সামনে অভিযান চালিয়ে ট্রাকের যন্ত্রাংশ (পার্টস) গুলো আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে মুসলিমপুর গ্রামস্থ শাহাবাজপুর কলেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ভারতীয় একটি ট্রাক (রেজিঃ নম্বর বিহীন) তল্লাশি করা হলে ট্রাকে থাকা ভারতীয় পাথরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৫টি বেনারসি শাড়ী ও পাথর বোঝাই ট্রাকটি।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং বেনারসি শাড়ীর আনুমানিক মূল ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
বিজিবি জানায়, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে এসব ভারতীয় যন্ত্রাংশ বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত ট্রাক, পাথর এবং যন্ত্রাংশসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও ৫ কেজি বিস্ফোরক (গান পাউডার) সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার রাতে সদর উপজেলার মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও গান পাউডার গুলো উদ্ধার করা হয়।
বুধবার র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রাত সোয়া ৯ টার দিকে মহারাজপুরে একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগে থাকা ১০টি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পলিথিন ব্যাগে ২ দশমিক ৮ কেজি গান পাউডার ও ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থলের আশেপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা এগুলো সংরক্ষণ করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি হুহু করে বাড়ছে। এর মধ্যে পদ্মা নদীর পানি সতর্কসীমা পার হয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পদ্মা নদীর উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবক’টি খোলা রয়েছে। এই ফারাক্কা ব্যারেজের মাধ্যমেই ভারতের গঙ্গা নদী থেকে পানি আসে বাংলাদেশের পদ্মা নদীতে।
ভারতীয় সংবাদমাধ্যগুলোর খরবে বলা হয়েছে- ভারতের বিহার রাজ্যের বন্যা পরিস্থিতি সামাল দিতে ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়া হয়।
ফারাক্কার সব গেট খুলে রাখার কারণে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানির স্তর বেড়েছে দ্রুতই। গত ৫ দিনে পদ্মা নদীতে পানি বেড়েছে ৬৫ সেন্টিমিটার। সব গেট খুলে দেওয়ায় অতিরিক্ত পানি প্রবাহের কারণে চাঁপাইনবাবগঞ্জে বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, দু-একদিনের মধ্যেই নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৯টায় পদ্মার পানির স্তর বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে মহানন্দা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১২ মিটার নিচ দিয়ে এবং পুনর্ভবা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ০৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানিয়েছেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে তথ্য অনুযায়ী পদ্মায় ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে শনিবার থেকে পানি কমের সম্ভবনা রয়েছে।
এদিকে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার মানুষ। বিশেষ করে সদর উপজেলার নারায়নপুর, আলাতুলি ও শিবগঞ্জ উপজেলার পাকা ও উজিরপুর, দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলী জমিও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। ফলে ওইসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পাঁকা ইউনিয়নের প্রায় ১ হাজার ৭০০ পরিবার পানিবন্দি হয়েছে। এর মধ্যে ৫ শ পরিবারের উঠানে পানি ঢুকে পড়েছে। শুক্রবার সকালে ১১৬টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং শনিবারও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, দুপুরে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়া আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণের কথা জানিয়েছেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৯০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মোট ২৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা বিতরণ শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নদীতে ডুবে এক শিশু এবং বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দাদনচক বাজার সংলগ্ন পাগলা নদীর শাখায় ও মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া মাঠে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দাদনচক গ্রামের পলাশ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (১১) এবং তারাপুর ঠুটাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (২৯)।
শিবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউসুফ আরও কয়েকজনের সাথে পাগলা নদীর শাখা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) মো. সমির উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে তারাপুর ঠুটাপাড়া এলাকার একটি মাঠে কাজ করছিলেন সাহেব আলীসহ কয়েকজন কৃষক। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাহেব আলীর মৃত্যু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ের জন্য ১০ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের স্বরুপনগরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ঢাকা কোচ সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামিউল আলম রাজুসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ৩২ জন সদস্যের মেয়েদের বিয়ের জন্য প্রত্যেকে ৩০ হাজার এবং ৬ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
সংগঠনটির নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, যেকোনো মৃত সদস্যের পরিবারকে ঘোষিত আর্থিক সহায়তা সরাসরি তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি অসুস্থ শ্রমিকদের ওষুধের জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে বিকাশের মাধ্যমে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা বাড়ানো হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ সেপ্টেম্বর ২০২৬
নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক জ্ঞান এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুক্ত মহাদল ভবনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন মেট রয়্যাল আইটির সিইও মোছা. মাহাবুব আরা নীলা, বিজনেস ম্যানেজমেন্ট ট্রেইনার মো. হাসিবুল ইসলাম এবং ব্যবসায় নেটওয়ার্কিং ও ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মো. তরিকুল ইসলাম ও ট্রেনিং সমন্বয়কারী মিঠুন সরকার।
এই প্রশিক্ষণ আগমী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ২৫ নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান, ব্যবসায়িক পদ্ধতি এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা দেয়া হবে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরো সুসংগঠিত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করে তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’-এর আওতায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী মফিজুল হক (৭৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মফিজুল হক ও তার স্ত্রী মনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বিকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে তার স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। স্ত্রীকে হত্যার পর মফিজুল হক নিজেই ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তারা আরও জানান, মফিজুলের ছেলের বউ শাপলা বেগম এক স্বজনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পাই তার শাশুড়ি মনোয়ারা বেগমকে ঘরের মেঝেতে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা ফ্যানের হুকের সঙ্গে মফিজুল হকের ঝুলন্ত লাশ এবং মনোয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় মনোয়ারা বেগমের জামাই বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও একটি অপমৃত্যু মামল (ইউডি) হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী পেশাজীবি দল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবি দলের আয়োজনে শুক্রবার বিকালে শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পেশাজীবি দলের সভাপতি সেলিম রেজা বাবুলর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,
জেলা পেশাজীবি দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ঐতিহ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দলটির বিভিন্ন রাজনৈতিক সাফল্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিবগঞ্জের আটরশিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলীয় নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে সোহান আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উজিরপুর এলাকায় পদ্মা নদীতে ডুবে মারা যায় সে।
মারা যাওয়া সোহান উপজেলার উজিরপুর সাত্তার মোড় এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীরে গিয়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এর আগে গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার একটি শাখা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের আপন দুই বোনসহ ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার ‘মরা পদ্মা’ বিলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাতে ওই পাঁচ শিশুকে চর চাকলা গোরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
নিহত পাঁচ শিশু হলো—চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে পদ্মার শাখা মরা নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে একজন গভীরে তলিয়ে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। বিষয়টি দূর থেকে স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে নদী থেকে পাঁচজনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। নদী থেকে উদ্ধারের সময় দেখা যায়, বাঁচাবাড়ির আকুল চেষ্টায় শিশুরা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল।
এদিকে চর চাকলা গ্রামে গিয়ে দেখা যায়, মারা যাওয়া তিন পরিবারের চলছে শোকের মাতম। এ সময় প্রবাসী মাসুদের বাড়ির ওঠনে দুই মেয়ের মরদেহ নিয়ে আত্মীয় স্বজনরা ঘিরে রেখেছে।
এ সময় স্থানীয় বাসিন্দা শুকরদীর সঙ্গে কথা হলে তিনি বলেন, তারা এক সাথে গোসল করছিল। এ সময় একজন ডুবে গেলে তাকে বাঁচতে গিয়ে এক এক করে পাঁচ শিশু ডুবে যায়। উদ্ধারের সময় দেখা যায় শিশুরা বাঁচতে গিয়ে একে অপরের হাত ধরে রেখেছিল।
সুলতান আলী নামে স্থানীয় এক বাসিন্দা আফসোস করে বলেন, "এর আগে এই নদীতে কখনো একসঙ্গে এত মানুষের মৃত্যু হয়নি। দু-একজনের ডুবে যাওয়ার কথা শুনেছি, কিন্তু এভাবে পাঁচ শিশুর একসঙ্গে চলে যাওয়া আমরা কেউ কোনোদিন দেখিনি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দেবীনগর চর চাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর ডুবে মারা যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন। এমন হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করে তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দাফন সম্পন্ন
একই গ্রামের পাঁচ শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাতে ৭টার দিকে চর চাকলা গোরস্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পাশাপাশি পাঁচটি কবরে দাফন সম্পন্ন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ইসলামী ছাত্রশিবি।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবির শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে আমির আবুজার গিফফারী, জেলা জামায়াতে
সাবেক আমির ও সাবেক মেয়র নজরুল ইসলাম, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে রামদাসপুর সীমান্ত দিয়ে ৬জনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তের শূন্য লাইনে (জিরো লাইন) ঘটনাটি ঘটে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানান, ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেন এবং ওই ব্যক্তিদের জিরো লাইনের ভারতীয় অংশে শনাক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় সারিউল ইসলাম শিমুল (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিমুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের সাবেক মেম্বার আনারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিমুল মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। পথে দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হায়াত আলী (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া সংলগ্ন হরিপুর ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হায়াত আলী কাজিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজিপাড়ার হরিপুর ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নামেন হায়াত আলী। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান না মেলায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩ দিকে নদী থেকে হায়াত আলীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে হায়াত আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত হায়াত আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে দেশের সকল শিশু স্কুলে যাবে। শিশুরা শিক্ষিত হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে'। স্কুল ফিডিং কার্যক্রমকে সম্প্রসারণ করা হবে। দেশের ৬৫ হাজার গ্রামেই ছড়িয়ে দেয়া হবে'।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশেও মায়েদের সম্পৃক্ততায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।শিগগিরই এ কার্যক্রমের একটি পাইলট প্রকল্প শুরু হবে।
তিনি বলেন, স্থানীয় বাজার থেকে শাকসবজি, ডিম, মাছসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে মায়েদের মাধ্যমে রান্না ও সরবরাহের সম্ভাব্য মডেলগুলো পাইলট প্রকল্পে পরীক্ষা করা হবে। সরকারের মূল লক্ষ্য প্রতিটি শিশুর কাছে সঠিক সময়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া। মাদারস কমিটির কার্যকর নজরদারির ফলে অনিয়ম কমেছে উল্লেখ করে তিনি মায়েদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও জানান, দুর্গম অঞ্চলে কর্মরত শিক্ষকদের নানা প্রতিকূলতা বিবেচনা করে দুর্গম ভাতা চালুর এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নদীভাঙনসহ বিভিন্ন কারণে যেসব বিদ্যালয় বারবার স্থান পরিবর্তনের ঝুঁকিতে থাকে, সেসব এলাকায় স্থানান্তরযোগ্য অবকাঠামোর (মডুলার বিল্ডিং) মডেল নিয়ে কাজ করা হচ্ছে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে বাস্তবায়িত বিভিন্ন মডেল পর্যালোচনা করে তা সরকারি ব্যবস্থায় প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন ও প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, যাতে দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে থেকে প্রশিক্ষণ নিতে না হয় এবং এর ফলে শ্রেণিকক্ষে শিক্ষক সংকট তৈরি না হয়। পাশাপাশি মূল্যায়নভিত্তিক পদোন্নতি, নতুন বদলি নীতি এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিশ্চিত করার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে নাইটগার্ড ও এমএলএসএসসহ প্রয়োজনীয় জনবল দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে দেশের সকল শিশু স্কুলে যাবে। শিশুরা শিক্ষিত হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এ জন্য স্কুল ফিডিং কার্যক্রমকে সম্প্রসারণ করা হবে। দেশের ৬৫ হাজার গ্রামেই ছড়িয়ে দেয়া হবে। এই দুটি লক্ষ্য বাস্তবায়নের মূল দায়িত্ব মাঠপর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নের এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তা, শিক্ষক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে মাথাবিহীন অর্ধগলিত একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গুজের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবনপুর গুজের ঘাট সংলগ্ন মহানন্দা নদীতে বস্তাবন্দী একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ধারণ করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়া কারণ জানা যাবে।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মরদেহটি পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ আগস্ট ২০২৬
অপরাধ দমন ও সার্বিক নিরাপত্তা জোরদারে প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন এক ধাপে পা রাখল চাঁপাইনবাবগঞ্জ। ‘নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার’—এই রূপকল্পকে সামনে রেখে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে ৩২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।
সোমবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তির উদ্বোধন করা হয়। অপরাধ দমন ও নিরাপদ শহর গড়ার লক্ষ্যে জেলা সদরের বিশ্বরোড মোড়, শান্তিমোড়, ফুড অফিস মোড়, বড় ইন্দারা মোড় এবং বারঘরিয়াসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ৩২টি এআই-সক্ষম সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
পুলিশ সূত্রে জানানো হয়, এই ক্যামেরাগুলো সাধারণ সিসিটিভির চেয়ে অনেক বেশি কার্যকরী। এগুলো শুধু ভিডিও ধারণ করে না, বরং স্বয়ংক্রিয়ভাবে মানুষের মুখাবয়ব (ফেস রিকগনিশন), যানবাহনের নম্বর প্লেট এবং যেকোনো সন্দেহজনক আচরণ রিয়েল-টাইমে শনাক্ত করতে পারে। কোনো অনিয়ম বা সন্দেহভাজন ঘটনা ঘটলে তা সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ের মনিটরিং ও নিয়ন্ত্রণ কক্ষে তাৎক্ষণিক সতর্কবার্তা (অ্যালার্ট) পাঠাবে।
এর ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সার্বক্ষণিক নজরদারি যেমন সহজ হবে, তেমনি অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ঘটনার দ্রুত তদন্তে এটি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ আগষ্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও ৪১০ বস্তা সার মজুদ রাখার অপরাধে এক খুচরা সার বিক্রেতাকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে উপস্থিত থাকা সদর উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান বিষয়টি নিশ্চিত করে বলেন-উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সম্মিলিতভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে। এই সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও গুদামে সার মজুদ রাখার অপরাধে সার বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. নুর আলমকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় গুদামে মজুত থাকা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। যা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে কৃষক পর্যায়ে সরকারি মূল্যে বিক্রয় করা হবে এবং সার বিক্রির টাকা ডিলারের পরিবারের হাতে বুঝিয়ে দেয়া হবে। তিনি আরো জানান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং কৃষকের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ আগষ্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বনলতা ট্রেনের ধাক্কায় এক নারীসহ অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেলক্রসিং এলাকায় এক নারীর ও ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজের সামনে থেকে অজ্ঞাত আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ও রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক আশিষ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর 'বনলতা এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এক নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মহাডাঙ্গা রেলক্রসিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিষ সরকার জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি গত চার-পাঁচ দিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
অন্যদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান,উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটির নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। লোকটি মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ছিলেন এবং বেশ কিছুদিন ধরে এলাকাতেই অবস্থান করছিলেন। প্রাথমিক পর্যবেক্ষণে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে তিনি অসুস্থতাজনিত কারণে মারা গিয়ে থাকতে পারেন। তবে তার নাকে-কানে রক্তের দাগ ছিল এবং পায়ের আঙুলে কোনো জীবজন্তুর (শিয়াল বা কুকুর) কামড়ের ক্ষত ছিল।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ আগষ্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামের এক আদিবাসী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নাচোল-আমনুরা সড়ক সংলগ্ন নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়ে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মৃত সোহেল হাসদা নেজামপুর ইউনিয়নের টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হাসদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দুইজন ইলেকট্রিশিয়ান বিদ্যুতের কাজ করছিলেন। তাদের সাথে সোহেল হাসদাও কাজ করছিলেন। একপর্যায়ে বাঁশ কাটার সময় বিদ্যুতের তারের উপর বাঁশ পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান হাসদা।
এ বিষয়ে নাচোল পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম সারওয়ার মোর্শেদ জানান, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কাজটি মূলত নেসকোর অধীনে হচ্ছিল, তবে পাশে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইন চালু ছিল। পল্লী বিদ্যুতের নিজস্ব কাজ হলে লাইন বন্ধ (টেনে) রেখে কাজ করা হতো।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সোহেল হাসদা বাঁশ কাটছিলেন এমতাবস্থায় বিদ্যুতের তারের উপর বাঁশ পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ আগষ্ট ২০২৬




















