ভোলাহাট কলেজে টানা ৩ বছর শতভাগ ফেল



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা ৩ বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থীও পাসের মুখ দেখতে পাননি। আজ শনিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ফল বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য জানা গেছে।

বোর্ডের প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র ১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নিলেও শেষ পর্যন্ত তিনি অকৃতকার্য হন। ফলে প্রাতিষ্ঠানিকভাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

অনুসন্ধানে দেখা যায়, এই ফল বিপর্যয় হুট করে হয়নি। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ২টি বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যেখানে ৩ জনই ফেল করেন (পাস করেছিলেন মাত্র ২ জন)। বিস্ময়কর বিষয় হলো, সেই বছর মাত্র ৫ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য প্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষক কর্মরত ছিলেন! এরপর ২০২৪, ২০২৫ এবং সর্বশেষ ২০২৬ সাল—টানা ৩ বছর ধরে কলেজটি ধারাবাহিকভাবে শতভাগ ফেলের রেকর্ড ধরে রেখেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে টানা ফল বিপর্যয় কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ অক্টোবর ২০২৬