চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬



চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 
মারা যাওয়া ফেরদৌসী খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা-চাঁন্দলাই মহল্লার বাসিন্দা। 

ডা. মাহবুব হাসান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌসী। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিলো। রাতে তার অবস্থার অবনতি হয় এবং ভোর ৪ টার দিকে তিনি মারা যান। 
তিনি আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর জেলা হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।  এই নিয়ে এ হাসপাতালে দুইজনের মৃত্যু হলো। 
বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন ডেঙ্গু রোগী।
 
এদিকে হাসপাতাল থেকে জানানো হয়েছে,  ২৪ ঘণ্টায় ৮৫জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। 
ওই সূত্র আরও জানান,  এ বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত শুধু জেলা হাসপাতালেই ১ হাজার ৬২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ সেপ্টেম্বর ২০২৬