চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।এরমধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু'জন ও মোটরসাইকেল খাদে পড়ে দু'জন রয়েছেন। এর আগে সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জে আতাহার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরও এক সাইকেলচালক নিহত হন।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন-
উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান হাবিব (২০) এবং শেখটোলা গ্রামের এরফান আলীর ছেলে আসাদ আলী (১৭) একই গ্রামের জাফর ইসলামের ছেলে জবির (১৯)।
সাইকেল দুর্ঘটনায় নিহত সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দিঘীপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে কাজিম (৩৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আনিসুর রহমান জানান, মঙ্গলবার ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুসলিমপুর এলাকায় কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে মারা যায় আবু হায়াত ও হাবিব। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ ও জবির মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।
এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি আনিসুর।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জে আতাহার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইসাইকেল চালক কাজিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ আগষ্ট ২০২৬

