শিবগঞ্জে দু'টি অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু’টি অটো চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (৬২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গাড়ির আরও ৭ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ-মনাকষা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত কায়েস আলী মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে শিবগঞ্জ-মনাকষা সড়কের মোস্তফার তুলা কারখানার সামনে দু'টি অটো চার্জার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইদুরসহ ৭জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ জুলাই ২০২৬

