চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ সকলরুটে বাস চলাচল বন্ধ



সড়কে গাড়ি থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে  চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। 
এদিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল,   মহানন্দা বাস টার্মিমাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে করে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। প্রচণ্ড রোদে অতিরিক্ত অর্থ খরচ করে বিভিন্ন যানবাহনে বা বিকল্প উপায়ে জেলার শেষ সীমানা থেকে 
রাজশাহী যাচ্ছে। 
এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায়  ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।
এদিকে দুপুরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস, মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন’ ও ‘জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’। জেলা শহরের স্বরুপনগরে শ্রমিক ভবনে এই সংবাদ সম্মেলন করেন তার।
সন্ধ্যার সম্মেলনে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার অভিযোগ করে
বলেন, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করছেন তারা। কিন্তু হঠাৎ করেই মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। চাঁদা না দিলে গাড়ির  লোকদেরকে মারধর করছে তারা। চাঁদাবাজি ও মার ধরে প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। 
তারা আরও বলেন, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের এক্তিয়ার কোন সংগঠনের নেই।
শ্রমিকের এই দুই নেতা হুঁশিয়ারি দিয়ে আরও জানান, আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে সন্ধ্যার পর থেকে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জেলা কোচ,বাস ও মিনিবাস পরিবহন ইউনিয়নের সভাপতি রেজাউল করিম অভিযোগ করে বলেন,  চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ. ৩০৬৩) নামের একটি সংগঠনের নেতারা হরিপুর নামক এলাকায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করছেন। যা সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে তারা চাঁদাদা আদায় করছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। 

এদিকে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ. ৩০৬৩) এর সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত বলেন-আমরা কোনো চাঁদাবাজি করছি না। সংগঠন পরিচালনা করতে গিয়ে যে টুকু করা প্রয়োজন নিয়ম মেনে শুধু বাস থেকে সদস্যদের সার্ভিস চার্জ নেয়া হচ্ছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার। তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের দুই পক্ষকেই বলা হয়েছে, সড়কে কোন ধরণের চাঁদাবাজি করা যাবে না।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ এপ্রিল ২০২৬